বাংলাদেশের মাটিতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের স্থান হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতান্ত্রিক ধারাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় বিএনপি আয়োজিত ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের পক্ষেই সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার এখানে ছিল। ওই সময়ে কোনো ধর্ম বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন আমাদের উন্নয়ন করার সুযোগ এসেছে।’
এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিটি ইউনিয়নে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি উন্নত মানের মাদ্রাসাও গড়ে তোলা হবে। শিশুদের মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি দল-মত, ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর আল্লাহ সহায় হলে এলাকার মানুষের ভাগ্যোন্নয়নই হবে তাঁদের প্রধান লক্ষ্য। মানুষের জীবনমানের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নেও কাজ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে মঞ্চে দাঁড়িয়ে ‘স্বৈরাচার না গণতন্ত্র’ এবং ‘ফ্যাসিবাদ না উন্নয়ন’ স্লোগান দেন শামা ওবায়েদ ইসলাম। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও তাঁর সঙ্গে স্লোগানে অংশ নেন।
