বাংলার কৃষ্টি ও সংস্কৃতি দীর্ঘ ১৭ বছর ধরে পালন করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। একই সঙ্গে তিনি দেশের মানুষকে নিজেদের কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, শিল্পকলা মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর কোনো ভৌগোলিক সীমারেখা নেই। তাঁর মতে, শিল্পকলা ও সংস্কৃতি বিশ্বশান্তির অন্যতম শক্তিশালী বাহন।
তিনি বলেন, সংস্কৃতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন সংঘাত বন্ধে ভূমিকা রাখা সম্ভব। এ কারণে শিল্পের পাশাপাশি সংস্কৃতিতেও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ‘শান্তি’ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী উদার মনোভাব নিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। শান্তির মাধ্যমে বিশ্বে একটি সুষম ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
