ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। এবারের সম্মেলনের আয়োজক ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা চলছিল। ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ সম্পর্কে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানানো হয়েছিল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য দিল্লি থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনি সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না।
তিনি আরও জানান, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। একই সঙ্গে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবে না বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান হলো।
