ভারতের ভিসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের দালাল ও অননুমোদিত এজেন্টদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। ভিসা নিশ্চিত, দ্রুত প্রক্রিয়াকরণ কিংবা নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ার নামে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বাংলাদেশি ভিসা আবেদনকারীদের এ সতর্কতা জানানো হয়।
হাইকমিশন জানিয়েছে, দালালরা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। এসব প্রতিশ্রুতিতে বিশ্বাস করে অর্থ দিলে ভিসা আবেদন, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান সময় ক্ষতির মুখে পড়তে পারে।
ভিসা সংক্রান্ত কোনো কাজে অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে অর্থ কিংবা প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়ার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভিসা প্রত্যাশীদের নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে ভারতের ট্রানজিট ভিসার আবেদনকারীদেরও সরাসরি নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
ভিসা পাওয়ার নিশ্চয়তা বা দ্রুত আবেদন প্রক্রিয়ার কথা বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়তেও বাংলাদেশি আবেদনকারীদের বিশেষভাবে সতর্ক করেছে হাইকমিশন।
