ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ভারতের পক্ষ থেকে কোনো ধরনের স্বার্থসংশ্লিষ্টতা ছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আহ্বান এলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে দেখবে। তবে কোনো বিশেষ স্বার্থের বিনিময়ে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না।’
বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবে বলেও আশা প্রকাশ করেন রিজভী।
