বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী চাইলে বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত সফরেও কোনো আপত্তি নেই। তবে এ সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নিতে রাজি নয়। ভারতের সঙ্গে সম্পর্কও জনগণ বন্ধুত্ব ও পারস্পরিক সমতার ভিত্তিতে দেখতে চায়।
দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তার হাতে চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করার ক্ষমতা রয়েছে। এসব বন্ধে তিনি উদ্যোগ নিচ্ছেন কি না, সেটিই এখন বড় বিষয় বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের নেতা-কর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সংগঠনটি মানুষের মধ্যে ইসলামের দাওয়াত এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে তিনি নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় থাকার পাশাপাশি কেউ যাতে ভোট কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সতর্ক ও সোচ্চার থাকার নির্দেশ দেন তিনি।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী এমপি। সংগঠনের রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক।
এ ছাড়া সম্মেলনে রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, অধ্যক্ষ মো. শাহাদৎ হোসাইনসহ মহানগরীর শূরা সদস্য ও বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন।
