ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রোববার আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ। প্রথম কর্মদিবসে তিনি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরে বঙ্গভবনে নিয়মিত দাপ্তরিক দায়িত্ব পালন করবেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ। দিনব্যাপী একাধিক আনুষ্ঠানিক কর্মসূচির মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করবেন।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির বীর শহীদদের স্মরণ করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
আনুষ্ঠানিক কর্মসূচি শেষ করে দুপুরে বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও রোববার দুপুরের মধ্যে বঙ্গভবন ত্যাগ করবেন। পরে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব বাসভবনে উঠবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সেখানে তাঁর বসবাসের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
