পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি কোনো ধরনের হুমকি বা সেখানে হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, পবিত্র মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারা বিশ্ব মুসলিমের কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ইবাদত ও পবিত্রতার স্থান। তাঁর ভাষ্য অনুযায়ী, এই দুই নগরী মুসলিম উম্মাহর আবেগ, বিশ্বাস ও ভালোবাসার কেন্দ্র। সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা নিরাপত্তার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়।
কায়কোবাদ বলেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তার প্রতি হুমকি এবং যেকোনো ধরনের হামলার অপচেষ্টার বিরুদ্ধে বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, প্রয়োজনে লাখো মুসলমান জীবন দিয়ে পবিত্র ভূমির মর্যাদা রক্ষা করবে।
হারামাইনের অর্থাৎ মক্কা ও মদিনার দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব।
তাঁর বক্তব্য অনুযায়ী, পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্বের মুসলমানেরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন। তিনি বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বর্তমান ও ভবিষ্যতে মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার অপচেষ্টা যেন সম্মিলিতভাবে প্রতিহত করা যায়, সে লক্ষ্যেই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতির শেষে পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মমন্ত্রী।
