ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, ঐতিহ্য, পেশাগত দক্ষতা ও মানবিক দায়বদ্ধতার সমন্বয়ে ড্যাব দেশের চিকিৎসক সমাজের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংগঠনটি ভবিষ্যতেও এই ধারা ধরে রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
বক্তব্যের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে তিনি ড্যাবের সদস্য এবং দেশের চিকিৎসক সমাজের সবাইকে শুভেচ্ছা জানান।
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুনগাছের চারা রোপণ করেন।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে সংগঠনটির নেতা-কর্মী ও চিকিৎসকেরা অংশ নেন।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এ ছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ড্যাবের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
