রাজধানী ঢাকায় মঙ্গলবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্য দিয়ে দিনের শুরু হয়েছে। সকালজুড়ে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টিতে সাময়িক বিরতি থাকতে পারে। তবে দুপুরের পর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। একই সঙ্গে দেশের চারটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সকাল আটটার পর রাজধানীতে বৃষ্টির তীব্রতা কমে এসেছে। ফলে দুপুর পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা কম থাকলেও দুপুরের পর আবার বৃষ্টি শুরু হতে পারে। বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য অঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গতকাল দেশের সর্বোচ্চ ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়। এছাড়া নোয়াখালীতে ৯০ মিলিমিটার, নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯ মিলিমিটার এবং ফেনীতে ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের অধিকাংশ এলাকাতেই গত ২৪ ঘণ্টায় বৃষ্টির দেখা মিলেছে।
এদিকে গত মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩৫ মিলিমিটার বেশি বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাসের শুরুতে ভারী বর্ষণ হয়। ওই সময় অতিবৃষ্টির কারণে দেশের অন্তত নয়টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
