জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর কাছ থেকে রাজনীতি শিখতে বাসায় আসার আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম এ দাবি করেন।
পোস্টে তিনি লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’
মেঘনা আলমের বক্তব্য অনুযায়ী, তিনি অনলাইনে হয়রানির শিকার হওয়ার বিষয়টি তুলে ধরে এর সঙ্গে এনসিপির কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে জানতে চেয়েছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো সন্তোষজনক উত্তর দেননি বলে ইঙ্গিত দিয়েছেন মেঘনা।
তাঁর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
তবে মেঘনা আলমের করা দাবির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কিংবা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাঁর দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
