রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ বলে জানিয়েছে কমিশন।
রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্রগুলো যাচাই করেন।
এর আগে সকাল ১১টার দিকে সিইসির সভাকক্ষে কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র পরীক্ষা করা হয়। পরে দুপুর ১২টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। উভয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। এ সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে একাধিক প্রার্থী নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সে ক্ষেত্রে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
