সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নিহতদের মরদেহ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
সোমবার দেওয়া এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকাহত পরিবারগুলোর এই কঠিন সময়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাসও দেন তাঁরা।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়াসহ সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনাটির পরবর্তী পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।
ঘটনাটি ঘটে রিয়াদের শিফা থানার আওতাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায়। রবিবার দুপুর ২টার দিকে সেখানে আগুন লাগে বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। পরিচয় নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।
এদিকে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
