দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৮০ কোটি ডলার ছাড়িয়েছে, যা রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়তা করছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বুধবার (২২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২২ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার (গ্রস) রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করলে দেশের ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের মতে, রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতেও রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
