জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ এবং তিনিই গুমের নির্দেশদাতা ছিলেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলা মিলনায়তনে নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গুম হওয়া ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিষয়গুলো এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে বলে তিনি মনে করেন। তার দাবি, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের সান্ত্বনা দেওয়া হতো এবং তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হতো।
তার ভাষ্য, গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন, সে বিষয়ে শেখ হাসিনা নিজেই জানতেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে ‘আয়না ঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। তিনি এ ঘটনাকে নির্মম ও জঘন্য কাজ হিসেবে উল্লেখ করেন।
শেখ হাসিনার দেশ ছাড়ার প্রসঙ্গে স্পিকার বলেন, তার সঙ্গে দেশের বিচারপতি ও বায়তুল মোকাররম মসজিদের ইমামসহ বিভিন্ন পদে থাকা ব্যক্তিরাও দেশ ছেড়েছেন।
সভায় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সভাপতি শাজিনুর ইসলাম কবির হাওলাদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
