নাটোরের লালপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলিকে লালপুর-বাগাতিপাড়ায় ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দলটির স্থানীয় এক নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ বক্তব্য দেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মিষ্টু।
অনুষ্ঠানে সিদ্দিক আলী মিষ্টু অভিযোগ করেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি জামায়াত, আওয়ামী লীগ এবং ধানের শীষের বিরুদ্ধে ভোট দেওয়া ব্যক্তিদের নিয়ে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন।
তিনি বলেন, ধানের শীষে ভোট না দেওয়া ব্যক্তি, জামায়াত ও আওয়ামী লীগের লোকজনকে সঙ্গে নিয়ে এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করলে সানজিদা ইয়াসমিন তুলিকে আর এলাকায় ঢুকতে দেওয়া হবে না।
মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর অনুরোধও করেন সিদ্দিক আলী মিষ্টু।
ওই বক্তব্যের পর মঙ্গলবার রাতেই নিজের ফেসবুক আইডিতে প্রতিক্রিয়া জানান সানজিদা ইয়াসমিন তুলি। তিনি লেখেন, তার মাধ্যমে লালপুর-বাগাতিপাড়ায় উন্নয়ন হচ্ছে—এটি অনেক বড় নেতারাও স্বীকার করেছেন। তবে অন্যের উসকানিতে কেউ নিজের রাজনৈতিক বলি হচ্ছেন বলেও দুঃখ প্রকাশ করেন তিনি।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্দিক আলী মিষ্টুর বক্তব্যের সমালোচনা শুরু হয়। তুলির অনুসারীরা তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
সানজিদা ইয়াসমিন তুলির অনুসারীরা দাবি করেন, তিনি বিএনপির রাজনীতিতে হঠাৎ করে আসেননি। জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়।
তাদের ভাষ্য, ছাত্রজীবনে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন এবং পরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
অনুসারীরা আরও দাবি করেন, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে মাঠপর্যায়ে তুলির সক্রিয় অংশগ্রহণের বিষয়টি বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে এসেছে। রাজনৈতিক প্রতিকূলতা, হামলা ও মামলাসহ নানা পরিস্থিতির মধ্যেও তিনি দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে তাদের দাবি।
তুলির অনুসারীরা তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে পারিবারিক রাজনৈতিক ইতিহাসের কথাও তুলে ধরেছেন। তাদের দাবি, তার বাবা মরহুম আকতার হোসেন নাটোরের লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং লালপুর উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন।
তাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের ছাত্রদল রাজনীতি, সাংগঠনিক কর্মকাণ্ড এবং বিএনপির আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততার ধারাবাহিকতায় সানজিদা ইয়াসমিন তুলি বিএনপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন।
সানজিদা ইয়াসমিন তুলির অনুসারীরা বলেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে একজন নারী সংসদ সদস্যকে এ ধরনের বক্তব্য দেওয়া উদ্বেগজনক।
এ ঘটনায় লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টুকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা।
