ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে ‘মাইনাস’ বা দূরে সরিয়ে রাখা হয়েছে—এমন অভিযোগ আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের কাছে জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ।
সোমবার ঢাকায় তিন দিনের সফরে আসা আইপিইউ প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললে বিষয়টি সামনে আসে।
প্রতিবেদনে বলা হয়, সাবেক সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে আইপিইউর কাছে অভিযোগ জমা দেওয়ার তথ্য পাওয়া গেছে। বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন ব্রিফিংয়ে আইপিইউ প্রতিনিধি দলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আইপিইউর কাছে দেশে সংসদীয় গণতন্ত্র বহাল থাকার তথ্য উপস্থাপন করত।
তবে বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দলটি উল্টো অভিযোগ করছে যে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বা ‘মাইনাস’ করেই ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন করা হয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন যৌথ ব্রিফিংয়ে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আইপিইউর কাছে নির্বাচন থেকে বাদ পড়ার অভিযোগ জানিয়েছে।
তাঁরা জানান, সরকারের পক্ষ থেকে নতুন সংবিধান সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন এবং বিরোধী দলের মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে আইপিইউ প্রতিনিধি দলকে বিস্তারিত জানানো হয়েছে।
অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন আইপিইউ প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে সংসদীয় কূটনীতি ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সফরকালে প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবন পরিদর্শনও করে।
