সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিলেও বিরোধী দল তাকে সমর্থন করছে। তার মতে, এতে অন্যায় ও অবৈধ পন্থাকে উৎসাহ দেওয়া হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, সরকার প্রধান ও তার পরিবারের বিরুদ্ধে যে ধরনের কথা বলা হয়েছে, তা সামাজিকভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে। সরকারের ভুলত্রুটি তুলে ধরাও যেতে পারে। তবে এর পরিবর্তে ভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের যে কাঠামো তৈরি হয়েছে এবং যে চারা গাছটি বেড়ে উঠতে শুরু করেছিল, সেটি বিনষ্ট করার চক্রান্ত হচ্ছে।
বিরোধী দলের পক্ষ থেকে গত ছয় মাসে সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে—এমন দাবি করা হচ্ছে বলেও উল্লেখ করেন রিজভী।
এর জবাবে তিনি বলেন, বিএনপি দায়িত্ব নেওয়ার সময় দেশের রিজার্ভ তলানিতে ছিল। তবে গত কয়েক মাসে তা আড়াই গুণ বেড়েছে বলে দাবি করেন তিনি।
রিজভীর ভাষ্য, রাজনৈতিক দলগুলোর উচিত সরকারের ভুলত্রুটি নিয়ে সংসদে ও সংসদের বাইরে কথা বলা এবং জাতীয় বিষয়গুলোতে গণতান্ত্রিকভাবে মতামত তুলে ধরা।
