জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা সরকার বা রাজনৈতিক দলের ওপর এককভাবে ছেড়ে না দিয়ে তরুণদের এর রক্ষক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ প্রত্যাখ্যান করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একই মায়ের গর্ভে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে মেনে নিয়ে অন্যজনকে অস্বীকার করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলের ক্ষেত্রেও একটিকে গ্রহণ এবং অন্যটিকে প্রত্যাখ্যান করার সুযোগ নেই।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটির নেতারা জুলাই সনদ মেনে নেওয়ার কথা বলছেন। তবে গণভোটে দেওয়া জনগণের রায় সম্পূর্ণভাবে বাস্তবায়নের বিষয়ে বিএনপিকে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তাঁর দাবি, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে এসব সরকারি প্রতিষ্ঠানকে ঘিরে ঠিকাদারি, টেন্ডার এবং অর্থ ভাগাভাগির সুযোগ তৈরি হচ্ছে।
এ ছাড়া খুলনা বিভাগে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও করেন মিয়া গোলাম পরওয়ার।
সম্মেলনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারী। এতে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিব হাসানসহ অন্যরা।
