সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করার কোনো মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, কোনো কনসার্ট বন্ধ হয়ে গেলে সেটিকে সরকারের অসহযোগিতা হিসেবে দেখার সুযোগ নেই; এর পেছনে নিরাপত্তাজনিত কারণ থাকতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কোথাও কোথাও কনসার্ট বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তথ্যমন্ত্রী বলেন, কনসার্ট বাতিল হওয়া মানেই সরকার সহযোগিতা করেনি—এমনটা নয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় কোনো কোনো অনুষ্ঠান বন্ধ হতে পারে। একই সঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে অনেক কনসার্ট হচ্ছে, যার মধ্যে বড় আয়োজনও রয়েছে।
আন্দালিভ রহমান পার্থ বলেন, ‘আমাদের তরফ থেকে এ ধরনের মানসিকতা নেই যে কালচারাল কোনো ব্যাপারে বাধাবিঘ্ন হয়, এমন কিছু। এ ধরনের চিন্তা শেয়ার করি না।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানও এ বিষয়ে কথা বলেন। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে পরিস্থিতির ‘ড্রামাটিক্যালি’ উন্নতি হয়েছে।
জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বর্তমান সরকারের সময়ে সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এখনো দু-একটি ঘটনা ঘটছে—এ বিষয়টিও তিনি অস্বীকার করেননি।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় এ ধরনের ঘটনা যত ঘটেছে, তার তুলনায় কিছুই হচ্ছে না এখন।’
সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
