প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সাধারণ পরীক্ষার্থীদের মতো নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্স অর্জন করেছেন। লিখিত, মৌখিক ও ব্যবহারিক—সব ধরনের পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তিনি লাইসেন্স গ্রহণ করেন।
রোববার (২ আগস্ট) সকালে তিনি তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, জাইমা রহমান অন্য পরীক্ষার্থীদের সঙ্গে সারিতে দাঁড়িয়ে ধাপে ধাপে সব সরকারি প্রক্রিয়া সম্পন্ন করেন। তিনি কেন্দ্রে পৌঁছানোর আগে সেখানে দায়িত্বে থাকা কর্মকর্তারা জানতেন না যে তিনি পরীক্ষায় অংশ নিতে আসবেন।
রাষ্ট্রের উচ্চপর্যায়ের পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ড্রাইভিং লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে তিনি কোনো বিশেষ সুবিধা বা প্রটোকল গ্রহণ করেননি। বরং নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা তাঁর এ আচরণের প্রশংসা করেন। তাদের মতে, নির্ধারিত নিয়ম মেনে সাধারণ পরীক্ষার্থীদের মতো পরীক্ষায় অংশ নেওয়া একটি ইতিবাচক দৃষ্টান্ত।
