মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হককে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। বৃহস্পতিবার (৩০ জুলাই) এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ-সংক্রান্ত মামলায় তদন্ত সংস্থা সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদ করবে।
শুনানিতে প্রসিকিউশন জানায়, গণ-অভ্যুত্থানের সময় মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গুলিতে বহু আন্দোলনকারী হতাহত হন। ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনের স্বার্থে মামলার আসামি গোলাপকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে তারা আদালতে উল্লেখ করেন।
অন্যদিকে, অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হককে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
এ মামলার শুনানিতে প্রসিকিউশন জানায়, ২০১৬ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় পুলিশের একটি অভিযানে মেজর (অব.) জাহিদুল ইসলাম নিহত হন। প্রসিকিউশনের দাবি, তাঁকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। একই ঘটনায় তাঁর স্ত্রী ও সন্তানকেও গুম করে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়। এসব অভিযোগের তদন্তের স্বার্থে সাবেক আইজিপি শহীদুল হককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।
উভয় আবেদন গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ নির্দেশ দেন, আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে হবে।
