আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তিন বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৪ জুলাই) সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।
সংস্থাটি আরও জানায়, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে এটি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
