দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক, প্রশাসনিক ও প্রস্তুতিসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শুরু করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রশাসনিক বিষয়গুলো বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং পুরো প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হতে পারে।
রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর সংবিধান অনুযায়ী পরবর্তী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা।
উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকারের কাছে পাঠানো হয়।
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরবর্তী আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও তফসিল সম্পর্কে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
