সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম (আরভিঅ্যান্ডএফ) কোরের উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাভারে পৃথকভাবে অনুষ্ঠিত কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান।
সাভারের কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলে (সিএমপিসিঅ্যান্ডএস) অনুষ্ঠিত কোর অব মিলিটারি পুলিশের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনীর শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় এ কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। দেশসেবার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও কোর অব মিলিটারি পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।
সম্মেলনে সেনাপ্রধান কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আন্তর্জাতিক অঙ্গনে কোরের সদস্যদের ভূমিকার প্রশংসা করে তাদের অভিনন্দনও জানান তিনি।
পরে সাভারের রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম ডিপোতে অনুষ্ঠিত আরভিঅ্যান্ডএফ কোরের চতুর্থ বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাবাহিনী প্রধান।
সেখানে তিনি বলেন, দেশের সেবায় আরভিঅ্যান্ডএফ কোরেরও গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ কোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।
সম্মেলনে আরভিঅ্যান্ডএফ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি কোরের আওতাধীন ফার্মগুলোর উৎপাদন বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, দুই সম্মেলনে মিলিটারি পুলিশের কর্নেল কমান্ড্যান্ট ও ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া আরভিঅ্যান্ডএফ কোরের কর্নেল কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট, ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সাভার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কোরগুলোর অধিনায়ক ও কর্মকর্তারা সম্মেলনে উপস্থিত ছিলেন।
