সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বিশেষভাবে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ একমত হয় বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
বৈঠকে ওয়ালিদ এল-খেরেইজি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে দেশটি সফরের প্রত্যাশা ব্যক্ত করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। বর্তমান সরকার এই সম্পর্ককে আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায়।
সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, সহযোগিতা ও বিনিয়োগ আরও সম্প্রসারণে সৌদি আরব আগ্রহী।
তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরবের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। পাশাপাশি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি।
বৈঠকে সৌদি প্রতিনিধিরা জানান, প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক খাদ্য (সি-ফুড), কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে বাংলাদেশে বিনিয়োগে সৌদি আরব আগ্রহী।
প্রধানমন্ত্রী এ সময় পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এ খাতে যৌথ বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হতে পারে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
