জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেছেন, স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগের মাধ্যমে বিএনপি একদলীয় শাসনের দিকে এগোচ্ছে। রোববার সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের ঐতিহাসিক তেঁতুলতলায় রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় বক্তব্য দেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
সভায় তিনি বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কৃতিত্ব দাবি করলেও বাস্তবে স্থানীয় সরকারে দলীয় প্রতিনিধিদের বসানোর মাধ্যমে সেই আদর্শ থেকে সরে যাচ্ছে। তাঁর ভাষায়, “বাংলাদেশের প্রতিটি স্থানীয় সরকারের কাঠামোতে তারা একদলীয় শাসন করার পাঁয়তারা করছে।”
আখতার হোসেন দাবি করেন, দেশের বিভিন্ন জেলা পরিষদ ও সিটি করপোরেশনে বিএনপির পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ইউনিয়ন পর্যায়েও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশকে সব নাগরিকের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে।
গণ–অভ্যুত্থান প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানের সময় জনগণের দুটি প্রধান লক্ষ্য ছিল—শেখ হাসিনামুক্ত বাংলাদেশ এবং তাঁর প্রতিষ্ঠিত শাসনকাঠামোর পরিবর্তন। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলেও পূর্ববর্তী শাসনব্যবস্থার অনেক নিয়ম ও কাঠামো এখনো বহাল রয়েছে।
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থানের সমালোচনা করে আখতার হোসেন বলেন, কেবল সংবিধান সংশোধনের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা সংবিধানের মৌলিক ভিত্তিতে পরিবর্তন চান। তাঁর মতে, বর্তমান সংবিধানে বিদ্যমান “ফ্যাসিবাদের বীজ” দূর করে এটিকে গণমানুষের সংবিধানে রূপান্তর করা প্রয়োজন। তিনি আরও বলেন, “আমরা কুসুম কুসুম সংশোধনী না, আমরা বিপ্লবী সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটার পরিবর্তন চেয়েছি।”
এনসিপির তেঁতুলিয়া উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদসহ অন্যান্য নেতারা।
