দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।
বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৪ জুলাই সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যতালিকা ঘোষণা করা হয়। সেদিন সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে এবং ১৮ জুলাই শনিবারও ওই নির্ধারিত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বিক্রি হবে।
বাজুস আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি যুক্ত হবে। একই সঙ্গে স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
সংগঠনের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বৃদ্ধি, ৪৬ বার হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
