দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৩০ আগস্ট) প্রকাশিত গেজেটে এসব আসনে নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সীমানায় সংশোধন হলেও বাস্তবে আসনগুলোর কাঠামোতে কোনো পরিবর্তন হবে না।
নতুন গেজেটে থাকা ১১টি আসন হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।
ইসির গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সদর উপজেলার সঙ্গে রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সদর উপজেলা ভেঙে নতুন এ দুটি উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটির অনুমোদন দেওয়া হয়।
বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নতুন গঠিত মোকামতলা উপজেলা যুক্ত করা হয়েছে। গত মে মাসে নিকার বৈঠকে মোকামতলা উপজেলা অনুমোদন পায়।
ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে এ উপজেলার অনুমোদন দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদ যুক্ত করা হয়েছে। এই ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে এর অনুমোদন দেওয়া হয়।
কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে নতুন গঠিত বাঙ্গরা উপজেলা যুক্ত করা হয়েছে। গত জুলাই মাসে নিকার বৈঠকে বাঙ্গরা উপজেলা অনুমোদন পায়।
এ ছাড়া চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা এবং কক্সবাজার-১ আসনে নবগঠিত মাতারমুহুরি উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইসির কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, নতুন গঠিত প্রশাসনিক ইউনিটগুলোকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের সীমানায় অন্তর্ভুক্ত করার কারণে গেজেটে সংশোধন আনা হয়েছে। তবে এতে আসনগুলোর বাস্তব সীমানায় কোনো পরিবর্তন হচ্ছে না।
