১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার জানান, ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। সকাল ৮টায় মূল যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
পথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ হবে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে।
গোলাম পরওয়ারের বক্তব্য অনুযায়ী, লংমার্চের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতি বন্ধ এবং দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ কমানোর দাবিগুলো তুলে ধরা হবে।
এর পাশাপাশি উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও কর্মসূচির অন্যতম দাবি হিসেবে রাখা হয়েছে।শান্তিপূর্ণ কর্মসূচির কথা জানালেন গোলাম পরওয়ার
গোলাম পরওয়ার বলেন, লংমার্চটি শান্তিপূর্ণ, নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক কর্মসূচি হিসেবে পালন করা হবে। কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সরকার, প্রশাসন, পুলিশ, ট্রাফিক বিভাগ, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহযোগিতা চান তিনি।
কর্মসূচিতে বাধা বা উসকানি দিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না করার আহ্বানও জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, জনগণের গণতান্ত্রিক অধিকার ও শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সম্মান দেখানো উচিত।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের দুর্ভোগ এবং জোটের ঘোষিত দাবিগুলো নিয়েও আলোচনা করেন।
