২০২৭ সালের জানুয়ারিতে দেশের শিক্ষার্থীদের মধ্যে ৩১ কোটি গুণগত ও মানসম্পন্ন নতুন পাঠ্যবই বিতরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে আনন্দময়, কারিগরি ও জীবনমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পাঠ্যবইয়ে বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হবে এবং ইতিহাস বিকৃতির কোনো সুযোগ রাখা হবে না।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “আনন্দময় শিক্ষা শুরু হয়ে গেছে। সিক্স থেকে এইট পর্যন্ত আমরা নতুন বই দেখছি। কারিগরি শিক্ষা, জীবনমুখী শিক্ষা—এগুলোকে সামনে রেখে নতুন বই লেখা হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারিতে আমরা সারা বাংলাদেশে ৩১ কোটি কোয়ালিটি সম্পন্ন বই বিতরণ করব।”
পাঠ্যবইয়ের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি আরও বলেন, “এর মধ্যে আমাদের বাংলাদেশের ইতিহাস সঠিকভাবে থাকবে। কোনো ইতিহাসকে বিকৃত করা চলবে না। ইতিহাস তার আপন গতিতে চলবে।”
শিক্ষার্থীদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলায় নিজস্ব ক্রীড়া দল গঠন করা হবে। পাশাপাশি দেশের ৬৪টি জেলা এবং পাঁচটি বিভাগে নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পাঠ্যসূচিতে খেলাধুলা এবং পারিবারিক মূল্যবোধও অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, সহকারী কমিশনার আবু নাছির, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন এবং সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষসহ স্থানীয় প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
