চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
শনিবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, ফল প্রকাশের কাজ কিছুটা পিছিয়ে গেলেও চলতি মাসের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা চলছে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছিল। বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ জরুরি প্রশাসনিক দায়িত্বে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, “এ কারণে ফল প্রকাশে আরও কয়েক দিন সময় লাগবে। তবে খুব বেশি বিলম্ব হবে না।”
চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আশা করছি, সেটা আমরা পারব। এ মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করা সম্ভব হতে পারে।”
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশের সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে সর্বশেষ পরিস্থিতিতে সেই সময়সূচিতে পরিবর্তন এসেছে।
ফল প্রকাশের নতুন তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কার্যক্রম শেষ হলে চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।
