কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো কার্যকর রাজনৈতিক তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, দলটি বর্তমানে দেশের বাইরে থেকে মাঝে মাঝে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও বাস্তবে কোনো কার্যক্রম পরিচালনার সামর্থ্য নেই।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগের কোনো ধরনের কর্মসূচি বা তৎপরতা চালানোর সক্ষমতা নেই। তারা বিদেশে অবস্থান করে মাঝেমধ্যে বিভিন্নভাবে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের আদালত তাঁকে দেশত্যাগে নিষেধাজ্ঞার শর্তে জামিন দিয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে এবং এ জন্য একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে।
জুলাই গণআন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ৫ আগস্ট বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ লক্ষ্যে বৈঠক আহ্বান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দেশে উগ্রবাদী তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে নাশকতা বা অপকর্মের চেষ্টা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সম্ভাব্য যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রতিনিধি সন্তোষ প্রকাশ করেছেন।
