বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিয়োগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ঢাকায় ভিসা সেন্টার স্থাপনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সাক্ষাতে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ বিনিময় এবং ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার স্থাপনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
হুমায়ুন কবির দুই দেশের মধ্যে বিদ্যমান যোগাযোগ ও সহযোগিতার ধারাবাহিকতার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত মানবসম্পদের সম্ভাবনার বিষয়টি তুলে ধরে লিথুয়ানিয়াকে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধও জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।
সাক্ষাতে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেন।
আলোচনার শেষে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
