বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে একই সঙ্গে জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় বিএনপির সমালোচনা করেছে দলটি।
বৃহস্পতিবার রাতে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানানো হয়। সেখানে বলা হয়, নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন না করাকে বিএনপির প্রতারণা হিসেবে দেখছে এনসিপি।
এনসিপির অভিযোগ, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েও বিএনপি তা রক্ষা করছে না।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সরকার প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ করছে। তাঁর দাবি, রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী মনোনয়নের মাধ্যমে একই ধরনের দলীয়করণ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন।
নাহিদ ইসলাম বলেন, এই প্রক্রিয়ায় স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু সেটি করা হয়নি। তাঁর ভাষায়, বিএনপি মুখে এক কথা বললেও কাজে তার বিপরীত করেছে।
