বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত তাঁদের সমাধিতে যাওয়ার কথা রয়েছে তাঁর।
সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাতে অংশ নেবেন মির্জা ফখরুল। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার অংশ হিসেবেই শুক্রবার তাঁর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে।
