দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রত্যক্ষ ভোটে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। প্রায় সাড়ে তিন দশক পর এবারই প্রথম সংসদে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন। ভোট গণনা শেষে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন।
ফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান গোলাপ ফুল দিয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। পরে বিএনপির শীর্ষ নেতারাও তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
