নতুন শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। পাশাপাশি একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান। এর আগে তিনি নিজেও রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
নতুন চার মন্ত্রী হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন টেকনোক্র্যাট হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটি শূন্য হয়। নতুন মন্ত্রী আবদুল মঈন খানকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
রশিদুজ্জামান মিল্লাত এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। নতুন দায়িত্ব বণ্টনে তিনি একই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। ওই মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা)কে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজ করছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও তার দায়িত্বে বহাল থাকছেন। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে রয়েছেন খলিলুর রহমান।
দায়িত্ব বণ্টনের তালিকা
| ব্যক্তি | নতুন দায়িত্ব |
|---|---|
| আবদুল মঈন খান | স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী |
| রশিদুজ্জামান মিল্লাত | বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী |
| আফরোজা খানম (রিতা) | খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী |
| সাচিং প্রু জেরী | পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী |
| আন্দালিভ রহমান পার্থ | তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী |
| মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) | ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী |
| হুমায়ুন কবির | পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী |
