সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতায় ইরানের সামরিক ও কৌশলগত অবস্থানে পরিবর্তন এসেছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া বলেছেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধ একটি ‘নতুন ভূরাজনৈতিক জাগরণ’ তৈরি করেছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব নিয়ে ইরানের জনগণের মধ্যে সচেতনতা বেড়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে কালের কণ্ঠ জানিয়েছে, সম্প্রতি দুটি যুদ্ধের অভিজ্ঞতার পর ইরানের সামরিক নীতিতে পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেছেন আক্রমিনিয়া।
তার ভাষ্য অনুযায়ী, ইরানের সামরিক কৌশল আগে মূলত প্রতিরক্ষাকেন্দ্রিক থাকলেও এখন তা আরও সক্রিয় ও উদ্যোগী অবস্থানের দিকে এগোচ্ছে। তবে এর অর্থ নতুন করে সংঘাত উসকে দেওয়া নয়। বরং যেকোনো আগ্রাসনের দ্রুত ও কার্যকর জবাব দেওয়ার সক্ষমতা তৈরি ও ধরে রাখাই এর লক্ষ্য।
আক্রমিনিয়া আরও জানান, চলমান যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা অবকাঠামো পুনর্গঠন করছে। একই সঙ্গে নতুন সামরিক সক্ষমতা যুক্ত করার পাশাপাশি সেনাসদস্যদের প্রশিক্ষণও অব্যাহত রয়েছে।
বিশেষজ্ঞ পর্যায়ে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্ব দীর্ঘদিন ধরেই আলোচিত। সাম্প্রতিক সংঘাতের পর ইরানের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক ভূরাজনীতিতে এই জলপথের গুরুত্ব আরও বেশি করে সামনে এসেছে বলে ইরানি সামরিক কর্মকর্তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
