মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। চুক্তিভুক্ত দেশগুলো বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়।
রুমিন ফারহানা তাঁর প্রশ্নে বলেন, ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে মক্কা প্যাক্টে সই করেছে। বাংলাদেশ এতে যুক্ত হলে কী ধরনের সুবিধা পেতে পারে, সে বিষয়ে জানতে চান তিনি।
জবাবে খলিলুর রহমান বলেন, মক্কা প্যাক্টটি বর্তমানে তিনটি দেশের মধ্যে হয়েছে। বাংলাদেশ এখনো এতে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। বিষয়টি চুক্তির সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তির সদস্যরা বাংলাদেশকে এতে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে তার আগে চুক্তিটির ভালো-মন্দ নিয়ে আলোচনা করার সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
খলিলুর রহমান বলেন, চুক্তিটি যদি ভবিষ্যতে বিস্তৃত হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। তাঁর ভাষায়, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
