অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ডকোস্টে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার (বিজিপিএএ) বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক উৎসব। চিকিৎসাবিষয়ক আলোচনা, পেশাগত অভিজ্ঞতা বিনিময়, বার্ষিক সাধারণ সভা, গালা ডিনার ও সাংস্কৃতিক আয়োজনে অস্ট্রেলিয়াজুড়ে কর্মরত বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।
শনিবার (২৯ আগস্ট) গোল্ডকোস্টে অনুষ্ঠিত ‘বিজিপিএএ বার্ষিক সম্মেলন ও কালচারাল নাইট-২০২৬’ আয়োজনে ছিল বৈজ্ঞানিক সেমিনার, এজিএম, গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার্সের (আরএসিজিপি) কুইন্সল্যান্ড শাখার চেয়ারপারসন ড. ক্যাথরিন হেসটার। বিজিপিএএর সাধারণ সম্পাদক ডা. সাজিদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. পারভেজ খান এবং ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার এফ এম বুরহান উদ্দিন।
ডা. মাহবুবা খানম মুক্তা ও ডা. রেশমী সেহেলির সঞ্চালনায় অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে অস্ট্রেলিয়ায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের পেশাগত অভিজ্ঞতা, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন দিক এবং জেনারেল প্র্যাকটিসের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক সেমিনারে বৈজ্ঞানিক উপস্থাপনা করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বর্তমানে অস্ট্রেলিয়াজুড়ে প্রায় ১ হাজার ১০০ জন বাংলাদেশি জেনারেল প্র্যাকটিশনার কর্মরত রয়েছেন।
ক্লিনিক্যাল ও এডুকেশনাল কর্মসূচি শেষে অনুষ্ঠিত হয় বিজিপিএএর বার্ষিক সাধারণ সভা-২০২৬। পরে সন্ধ্যায় নেরাং বাইসেন্টেনিয়াল হলে আয়োজন করা হয় গালা ডিনার ও কালচারাল নাইট। অনুষ্ঠানের এবারের আয়োজনের শিরোনাম ছিল ‘আবার এলো যে সন্ধ্যা’।
সাংস্কৃতিক পর্বে বিজিপিএএর কালচারাল কমিটির প্রযোজনা ও পরিচালনায় একটি কৌতুকধর্মী হাইব্রিড যাত্রাপালা মঞ্চস্থ হয়। পাশাপাশি ছিল স্মৃতিচারণ, আড্ডা, গান ও নাচের আয়োজন।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসক ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় খাবারেরও আয়োজন ছিল। ফলে পেশাগত কার্যক্রমের পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনে প্রবাসে বসেও বাংলাদেশের আবহ উপভোগের সুযোগ পান অংশগ্রহণকারীরা।
