‘দায়রা’র ট্রেলার উন্মোচন অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আসন্ন সিনেমা ‘দায়রা’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে আলোকচিত্রীদের বারবার স্থান পরিবর্তনের অনুরোধে বিরক্তি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে পুরো দলের সঙ্গে ছবি তোলার সময় একের পর এক নির্দেশনায় অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাকে।
ট্রেলার উন্মোচনের মঞ্চে পোজ দেওয়ার সময় আলোকচিত্রীরা কারিনাকে বিভিন্ন কোণ থেকে ছবি তোলার জন্য বারবার ডানে-বাঁয়ে সরার অনুরোধ করছিলেন। একপর্যায়ে নিজের হাই হিলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কখনো এদিকে, কখনো ওদিকে; হিল পরে আছি তো!’
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে কারিনার আচরণের সঙ্গে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের আচরণের তুলনা করেন। পাপারাজ্জিদের সঙ্গে কঠোর ও স্পষ্টভাষী আচরণের জন্য জয়া বচ্চন পরিচিত—এমন মন্তব্যও দেখা যায় সামাজিক মাধ্যমে।
ভাইরাল ভয়ানির একটি পোস্টে একজন মন্তব্য করেন, ‘ইনি তো জয়া বচ্চনের বোন!’ আরেকজন লেখেন, ‘আরও একজন জয়া বচ্চন তৈরি হচ্ছেন।’ তবে কারিনার প্রতিক্রিয়ার সমালোচনাও করেছেন অনেকে।
এর আগে কারিনা কাপুর খানকে ঘিরে সামাজিক মাধ্যমে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। জিম থেকে বের হওয়ার সময় ধারণ করা একটি ভিডিও দেখে কিছু অনুসারী এমন ধারণা করেছিলেন। পরে কারিনার দল বিষয়টি ভুয়া বলে জানায়। তার ননদ সাবা আলি খানও বিষয়টিকে ভুল ক্যামেরা অ্যাঙ্গেলের ফল বলে উল্লেখ করেন।
পরে কারিনা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার মাধ্যমে ওই গুঞ্জনের জবাব দেন। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ফুলে থাকা পেটের ছবি শেয়ার করে ‘হাম আপকে হ্যাঁই কৌন’ সিনেমার ‘চকলেট লাইম জুস’ গান যুক্ত করেন। এর সঙ্গে হাসি ও পিজার প্রতিকৃতিও ব্যবহার করেন তিনি।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে রসিকতা করে কারিনা বলেন, ‘তোমরা সত্যিই পাগল করে দিতে পারো!’
সূত্র: ফ্রি প্রেস জার্নাল
