অভিনেত্রী সিডনি সুইনির নতুন বিজ্ঞাপন নিয়ে বিতর্ক চলছে। খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারে নগ্ন অবস্থায় দেখা যাওয়ার পর তাঁর বিরুদ্ধে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপনের অভিযোগ ওঠে। এর মধ্যেই ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকজন তারকা ক্রীড়াবিদের ছবি পোস্ট করেছেন সুইনি। তবে এসব ছবির মাধ্যমে তিনি বিতর্কের জবাব দিয়েছেন কি না, তা নিশ্চিত নয়।
সুইনির পোস্ট করা ছবিগুলোর মধ্যে ছিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, সাবেক এমএমএ যোদ্ধা রোন্ডা রাউসি এবং বাস্কেটবল তারকা সু বার্ড। অতীতে বিজ্ঞাপনের প্রয়োজনে এসব তারকারাও নগ্ন বা অল্প পোশাকে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন।
পরে আরও কয়েকজন ক্রীড়াবিদের ছবি পোস্ট করেন সুইনি। তাঁদের মধ্যে ছিলেন মেগান র্যাপিনো, রব গ্রনকোস্কি ও জেসন কেলসি। এসব পোস্ট দেখে ধারণা করা হচ্ছে, খেলাধুলাভিত্তিক বিজ্ঞাপনে নগ্নতা নতুন কোনো বিষয় নয়—এমন একটি বার্তা দিতে পারেন অভিনেত্রী। তবে সুইনি সরাসরি কোনো মন্তব্য না করায় পোস্টগুলোর উদ্দেশ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
নোভিগ একটি স্পোর্টস প্রেডিকশন মার্কেট ও ট্রেডিং প্ল্যাটফর্ম। খেলাধুলার বিভিন্ন ঘটনা নিয়ে ব্যবহারকারীরা সেখানে ভবিষ্যদ্বাণী করতে পারেন। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্বের পাশাপাশি এর ইকুইটি পার্টনারও হয়েছেন সুইনি।
বিজ্ঞাপনটিতে সুইনিকে নগ্ন অবস্থায় দেখা যায়। শরীরের বিভিন্ন অংশ ঢাকতে ব্যবহার করা হয়েছে বাস্কেটবল, রাগবি বল ও স্পোর্টস জার্সি। খেলাধুলার বিভিন্ন উপকরণকে সৃজনশীলভাবে ব্যবহার করে দর্শকের নজর কাড়াই ছিল বিজ্ঞাপনের ধারণা। তবে প্রকাশের পর অনেকেই প্রশ্ন তোলেন, বিজ্ঞাপনটির মাধ্যমে আসলে কী প্রচার করা হচ্ছে।
বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন কয়েকজন অলিম্পিক ক্রীড়াবিদ। তাঁদের অভিযোগ, এতে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁদের মতে, এ ধরনের প্রচার নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতাকে আরও বাড়াতে পারে।
অবসরপ্রাপ্ত অস্ট্রেলীয় সাঁতারু অ্যারিয়ার্ন টিটমাসও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটির সমালোচনা করেন। চারবারের অলিম্পিক সোনাজয়ী এই সাঁতারু জানান, বিজ্ঞাপনটি দেখে তিনি গভীরভাবে ক্ষুব্ধ হয়েছেন।
টিটমাসের মতে, এমন প্রচার নারী ক্রীড়াবিদদের জন্য অপমানজনক। বছরের পর বছর দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে যারা নিজেদের জায়গা তৈরি করেছেন, তাঁদের পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত প্রতিটি নারীর প্রতিও এটি অসম্মান। খেলাধুলার দলগত কাজ, বন্ধুত্ব, নিষ্ঠা, উৎকর্ষ ও ঐক্যের মতো মূল্যবোধের সঙ্গে নারীর শরীরকে পণ্য হিসেবে ব্যবহার করে অর্থ উপার্জনের প্রবণতার সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ওয়াটার পোলোতে অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও বিজ্ঞাপনটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামে তিনি জানান, সিডনি সুইনির নতুন স্পোর্টস বিজ্ঞাপনটি তাঁর একেবারেই পছন্দ হয়নি।
বিতর্ক শুরুর আগেই নোভিগের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বিজ্ঞাপনটিতে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন সুইনি। তাঁর ভাষ্য, প্রচারের উদ্দেশ্য ছিল একটি মজার ধারণাকে সামনে আনা এবং খেলাধুলাকে মূল বিষয় হিসেবে রাখা।
সুইনি বলেন, প্রচারণাটি ছিল একটি মজার ধারণাকে গ্রহণ করার বিষয়। তাঁর মতে, পরিকল্পনাটি এমনভাবে করা হয়েছিল, যাতে নানা কোলাহলের মধ্যেও খেলাধুলার বিষয়টি আলাদা করে মানুষের নজরে আসে।
নোভিগের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাকব ফোর্টিনস্কিও সুইনির সঙ্গে অংশীদারত্বের বিষয়ে কথা বলেছেন। তাঁর ভাষ্য, ব্যক্তিজীবন নিয়ে মানুষের নানা অনুমান ও ভবিষ্যদ্বাণীতে সুইনি অস্বস্তি বোধ করতেন। খেলাধুলাকে কেন্দ্র করে কাজ করার সুযোগই তাঁকে নোভিগের সঙ্গে অংশীদারত্বে আগ্রহী করে বলে জানান তিনি।
সুইনি জানিয়েছেন, বিজ্ঞাপনটির সৃজনশীল প্রক্রিয়ায় তিনি শুরু থেকেই যুক্ত ছিলেন।
