স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে চুক্তিবদ্ধ হওয়ার পর প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেড।
ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই শেফিল্ডের একাদশে ছিলেন হামজা। তবে ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন।
তবে দ্রুতই ম্যাচে ফিরেছে শেফিল্ড। তিন মিনিটের মধ্যেই সমতা ফেরায় তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও এগিয়ে যায় বোল্টন। সফরকারীদের হয়ে গোল করেন স্যাম ডাল্বি। তবে এক মিনিটের ব্যবধানেই আবার সমতায় ফেরে শেফিল্ড। প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে স্কোর হয় ২-২।
ম্যাচটি যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখন নির্ধারিত সময়ের শেষ মিনিটে শেফিল্ডকে জয় এনে দেন রোমেলে ডোনোভান। তার জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচের পরিসংখ্যানেও ছিল দুই দলের কাছাকাছি লড়াই। বল দখলে শেফিল্ডের হার ছিল ৫৩ শতাংশ, বোল্টনের ৪৭ শতাংশ। শেফিল্ড মোট ২০টি শট নেয়, যার তিনটি থেকে গোল আসে। অন্যদিকে বোল্টন ২১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে পাঁচটি; এর মধ্যে দুটি গোল হয়।
চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচে অপরাজিত ছিল শেফিল্ড, তবে কোনো জয় পায়নি। তিন ম্যাচই ড্র হয়েছিল। চতুর্থ ম্যাচে এসে বোল্টনকে হারিয়ে জয়খরা কাটাল দলটি।
আর শেফিল্ড ইউনাইটেডে স্থায়ী চুক্তির পর নিজের প্রথম ম্যাচেই সেই জয়ের অংশ হলেন হামজা চৌধুরী।
