জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, র্যাব বিলুপ্ত করে একই জনবল দিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হলে তা হবে নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিল উত্থাপনের সময় এর বিরোধিতা করে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বিগত ফ্যাসিবাদী সময়ে র্যাব গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’-এর সঙ্গে জড়িত ছিল। সংসদে এমন অনেক সদস্য রয়েছেন, যাদের আয়নাঘরে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব কর্মকাণ্ডের কারণে র্যাব জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, রাজনৈতিকভাবে বিএনপি, জামায়াত, এনসিপি ও ১১ দলসহ বিভিন্ন পক্ষ র্যাব বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচনের আগেও বর্তমান সরকারি দল বিএনপি সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব বিলুপ্ত করার কথা জানিয়েছিল। তবে র্যাব বিলুপ্ত করে এর মধ্যে আরেকটি প্রতিষ্ঠান গঠনের কথা তখন বলা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, বিভিন্ন সময়ে র্যাবে সামরিক বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেছেন। তার অভিযোগ, সামরিক বাহিনী ও পুলিশ—দুই প্রতিষ্ঠানকেই রাজনৈতিকভাবে প্রভাবিত করে নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছিল।
র্যাব বিলুপ্ত করার বিষয়ে জাতিসংঘ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল থেকে সুপারিশ এসেছে বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে পুলিশের জন্য বিশেষায়িত ইউনিটের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছিল বলে জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, র্যাব ফ্যাসিবাদী সময়ের একটি দাগ, ক্ষতচিহ্ন, আতঙ্ক ও ফ্যাসিবাদের একটি চিহ্ন। তাই প্রতিষ্ঠানটি আগে বিলুপ্ত করা উচিত।
তিনি আরও বলেন, পুলিশের বিশেষায়িত কোনো ইউনিটের প্রয়োজন হলে তা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে হবে। আলোচনার পর এ ধরনের বিল আনা যেতে পারে। তার আগে নয়।
