ভোলার ইলিশা তালতলি মৎস্যঘাটে আড়াই কেজি ওজনের একটি বড় আকৃতির রাজা ইলিশ ধরা পড়েছে। শুক্রবার সকালে মাছটি নাগর হাজারির আড়তে নিয়ে আসেন জেলে মিরাজ মাঝি। পরে নিলামে মাছটির দাম ওঠে ১২ হাজার ৯০০ টাকা।
নিলামে মাছটি কিনে নেন ইলিশা বিশ্বরোড ঘাটের আড়ৎদার লোকমান বেপারী। তিনি মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় ঢাকায় পাঠানোর উদ্যোগ নিয়েছেন।
বড় আকৃতির ইলিশটি দেখতে ইলিশা তালতলি ঘাটে জেলে, মাছ ব্যবসায়ীসহ উৎসুক মানুষের ভিড় জমে। ঘাটের আড়ৎদারদের মধ্যে মাছটি কেনার জন্য নিলামে অংশ নেন অনেকে।
জেলে মিরাজ মাঝি জানান, সাধারণত এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। তাঁর ভাষ্য অনুযায়ী, বুধবার দুপুরে সাগরের মোহনায় মাছটি ধরা পড়ে। পরে ইলিশা তালতলি মাছঘাটে নিয়ে এলে এটি দেখতে মানুষের ভিড় হয়।
আড়ৎদার নাগর হাজারি বলেন, তাদের ঘাটে মাঝেমধ্যে বড় আকারের ইলিশ আসে। তবে এটি চলতি মৌসুমের সবচেয়ে বড় ইলিশ। লোকমান বেপারী মাছটি আরও বেশি দামে বিক্রির জন্য শুক্রবার ঢাকায় পাঠাবেন বলেও জানান তিনি।
লোকমান বেপারী বলেন, মাছটি কিনতে পেরে তিনি খুশি। ঘাটের অন্য আড়ৎদারদের সঙ্গে নিলামে অংশ নিয়ে ১২ হাজার ৯০০ টাকায় মাছটি কিনেছেন। ঢাকায় ভালো দামে মাছটি বিক্রি হবে বলে তিনি আশা করছেন।
ঘাটের আরেক আড়ৎদার জসিম হাজারি জানান, এটি এ বছর ঘাটে আসা সবচেয়ে বড় ইলিশ। ঘাটের সব আড়ৎদার মাছটি কেনার জন্য নিলামে অংশ নেন। পরে লোকমান আড়ৎদার মাছটি কিনে নেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হুসাইন বলেন, মৌসুমের শেষ দিকে নদী ও সাগরে বড় ইলিশ ধরা পড়া ভালো দিক। বড় ইলিশ বেশি ডিম দেয় এবং এর বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনাও বেশি থাকে বলে তিনি উল্লেখ করেন।
মৎস্য কর্মকর্তার ধারণা, ধরা পড়া ইলিশটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে। সামনে ইলিশের ডিম দেওয়ার মৌসুম থাকায় বড় ইলিশ নদীতে আসছে বলেও তিনি ধারণা করছেন।
