গাজীপুরে তৈরি পোশাক কারখানার চীনা চেয়ারম্যানের গাড়ি থেকে শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের জন্য রাখা এক কোটি টাকা চুরির ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ৯৭ লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি তৈরি পোশাক কারখানার চীনা চেয়ারম্যানের গাড়ি থেকে এক কোটি টাকা চুরির ঘটনায় গাড়িচালকসহ তিনজনকে আটক করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২। অভিযানে উদ্ধার করা হয়েছে ৯৭ লাখ তিন হাজার টাকা। একই সঙ্গে চুরি করা অর্থে কেনা আসবাবপত্র ও একটি মোবাইলফোনও উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুরের একটি তৈরি পোশাক কারখানা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাবের সামনে যাত্রাবিরতি করেন ল্যাভেন্ডার ফ্যাশনের চেয়ারম্যান। এ সময় তার ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান গাড়িতে থাকা শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য ব্যয়ের এক কোটি টাকা নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।
পরে মালিককে অনুশোচনা প্রকাশ করে একটি খুদে বার্তা পাঠিয়ে আত্মগোপনে চলে যান জাহিদ।
এ ঘটনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলা করা হলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুর ছায়া তদন্ত শুরু করে। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা হওয়ায় বিষয়টি গুরুত্ব দিয়ে ঢাকা, গাজীপুর ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ঝিনাইদহ সদর এলাকা থেকে মূল অভিযুক্ত জাহিদ হাসানকে (৩০) আটক করা হয়। তার কাছ থেকে ৮৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। জাহিদ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া গ্রামের মো. দবির উদ্দিনের ছেলে।
এ ছাড়া তার সহযোগী ঝিনাইদহ সদর থানার কাঞ্চননগর গ্রামের মো. আক্তারুজ্জামানকে (৫১) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় এক লাখ তিন হাজার টাকা।
আক্তারুজ্জামানের স্ত্রী রংপুরের তারাগঞ্জ থানার পলাশবাড়ি গ্রামের মো. সামসুল হকের মেয়ে মোসা. নাসিমা আক্তারকেও (২৪) আটক করা হয়েছে। টঙ্গীতে তার বাসা থেকে উদ্ধার করা হয় ১০ লাখ টাকা।
পুলিশ জানায়, চুরি করা টাকা থেকে জাহিদ নতুন বাসা ভাড়া নেন, আসবাবপত্র কেনেন এবং ৩৩ হাজার টাকা দিয়ে একটি নতুন মোবাইলফোন কেনেন। সব মিলিয়ে তিনি প্রায় এক লাখ ২০ হাজার টাকা খরচ করেন।
অভিযানের সময় চুরি করা অর্থে কেনা আসবাবপত্র ও মোবাইলফোনও উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্প ও বিনিয়োগের পরিবেশ সুরক্ষিত রাখা এবং শিল্পপ্রতিষ্ঠান-সংশ্লিষ্ট অপরাধ দমনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ সব সময় তৎপর রয়েছে। দ্রুত অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক এবং চুরি যাওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে।
অভিযানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরের পাশাপাশি ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) দল সহযোগিতা করে। আটক ব্যক্তিদের উদ্ধার করা টাকা ও মালামালসহ রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
