ব্যাংক রেজল্যুশন বিল নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বুধবার (৯ সেপ্টেম্বর) সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে নির্ধারিত দুই মিনিটের বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট দেখা দিতে পারে। একই সঙ্গে দুর্নীতি ও ঋণখেলাপির মতো সমস্যার আশঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না।’ এ সময় বিএনপি সরকারের সময়কার দুর্নীতি ও ঋণখেলাপির বিষয়েও তিনি সমালোচনা করেন।
তাঁর বক্তব্য চলাকালে সংসদে হট্টগোল শুরু হয়। এ পরিস্থিতির সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, সংসদে এত অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে যে তাঁর কাছে আগের আওয়ামী লীগ সরকারের সময়ের কথা মনে হচ্ছে। সে সময়ও তাঁর বক্তব্যকে কেন্দ্র করে সংসদে হট্টগোলের ঘটনা ঘটত বলে উল্লেখ করেন তিনি।
ব্যাংক রেজল্যুশন বিলের ১৮-এর ‘ক’ ধারা নিয়েও বক্তব্য দেন রুমিন ফারহানা। তাঁর দাবি, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার প্রবণতা দেশের পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।
বক্তব্যের শেষ পর্যায়ে ঋণখেলাপি সংসদ সদস্যদের প্রসঙ্গ তুললে সংসদে উত্তেজনা আরও বেড়ে যায়।
