অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়াতে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বিএফটিআইয়ের সম্মেলনকক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তফা আবিদ খান এবং ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।
সমঝোতা অনুযায়ী, দুই প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক ও সম্মেলনের আয়োজন করবে। পাশাপাশি দেশের বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়েও তারা একসঙ্গে কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা অর্থনৈতিক সাংবাদিকদের সক্ষমতা ও পেশাগত উন্নয়নের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিএফটিআই ও ইআরএফ যৌথভাবে কাজ করবে। এ ছাড়া নীতিনির্ধারক, বাণিজ্য বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, গবেষক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সংলাপ ও মতবিনিময় আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
যৌথ গবেষণার উদ্যোগ
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান বলেন, সমঝোতা স্মারকের আওতায় যৌথ গবেষণা, সেমিনার ও কর্মশালা আয়োজনের জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করা হবে।
তার ভাষ্য, দুই প্রতিষ্ঠান নিজেদের অভিজ্ঞতা, নেটওয়ার্ক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তথ্যভিত্তিক এবং গঠনমূলক আলোচনা আরও এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।
