স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো নির্বাচনে অংশ নিতে বা রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না।
শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের অবস্থান
মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী দলটির সভা-সমাবেশ করা কিংবা দলীয় কার্যালয় খোলার সুযোগ নেই। এ অবস্থায় দলটির রাজনৈতিক কর্মকাণ্ড চালানো বা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন উঠলে সরকার বিব্রতবোধ করে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগের শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা।
তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের দেওয়া রায়েই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
প্রতিমন্ত্রী জানান, সংশোধিত আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না।
এর আগে তিনি শিবগঞ্জ মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চবিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন।
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
